সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কুমিল্লা নাঙ্গলকোটের এক বিএনপি নেতার একটি খণ্ডিত ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছে।
ভাইরাল হওয়া ৬ সেকেন্ডের ওই ভিডিওতে দাবি করা হচ্ছে যে, বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইদ্রিস বলেছেন— রোজা, নামাজ বা হজ লাগবে না, কেবল ধানের শীষে ভোট দিলেই জান্নাত পাওয়া যাবে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সম্পূর্ণ বিকৃত ও এডিট করা।
অনুসন্ধানে জানা যায়, গত ১৬ জানুয়ারি নাঙ্গলকোটে আয়োজিত এক সভায় মিয়া মোহাম্মদ ইদ্রিস প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের একটি বক্তব্য দেন। সেখানে তিনি মূলত জামায়াতে ইসলামীর সমালোচনা করছিলেন। তাঁর মূল বক্তব্যটি ছিল— ‘তাদের (জামায়াত) বড় এক নেতা বক্তব্য রাখছে কি, রোজা, নামাজ, হজ, যাকাত কিছু লাগবে না… দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাইতে গা পারবেন।’

বক্তব্য দেওয়ার সময় তিনি ভুলবশত প্রথমে ‘ধানের শীষ’ শব্দটি উচ্চারণ করলেও পরক্ষণেই তা সংশোধন করে ‘দাঁড়িপাল্লা’ বলেন এবং এই ধরনের মন্তব্য যারা করেন তাদের ‘জাহান্নামী’ বলে অভিহিত করেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৬ সেকেন্ডের ক্লিপটিতে বক্তব্যের আগের ও পরের অংশগুলো সুকৌশলে কেটে দেওয়া হয়েছে। বিশেষ করে যেখানে তিনি ‘দাঁড়িপাল্লা’র কথা বলেছেন এবং এই মন্তব্যের প্রতিবাদে ‘নাউযুবিল্লাহ’ পাঠ করেছেন, সেই অংশগুলো বাদ দিয়ে কেবল বিভ্রান্তিকর অংশটি প্রচার করা হচ্ছে।
প্রকৃতপক্ষে, তিনি ধর্ম নিয়ে এই ধরনের রাজনীতির সমালোচনা করছিলেন, নিজে এমন কোনো দাবি করেননি।

অনলাইন ডেস্ক 



















