এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পুনঃপরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা ব্যবস্থায় থাকবে, নাকি কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় স্থানান্তরিত হবে, তা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এই অবস্থা থেকে উত্তরণে একটি প্রজন্ম থেকেই পরিবর্তন শুরু করতে হবে, যাতে ভবিষ্যতে নৈতিকতার অবক্ষয় রোধ করা যায়। এ জন্য প্রধানমন্ত্রী এবার চতুর্থ শ্রেণি থেকে সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দের সঙ্গে শেখার বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন।
ঝরে পড়া ও অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে মন্ত্রী বলেন, যারা পাস করেছে, তারা এগিয়ে গেছে। তবে যারা ঝরে পড়েছে কিংবা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাদের বিষয়টি আগে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কীভাবে এসব শিক্ষার্থীকে পুনরুজ্জীবিত করে শিক্ষাব্যবস্থায় ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।
এসএসসি পরীক্ষার পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে। বছরের পর বছর অকৃতকার্য হওয়ার ধারাবাহিকতা টেনে নেওয়া হবে না।
তিনি আরও জানান, পুনঃপরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা ব্যবস্থায় রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে ভালো করতে না পারলে তাদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হবে।

অনলাইন ডেস্ক 



















