গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার কারণে নিজে এবং তার স্ত্রী হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
মার্কিন সাময়িকী রোলিং স্টোন-কে দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) মিডল ইস্ট মনিটর এ তথ্য প্রকাশ করে।
সাক্ষাৎকারে মামদানি বলেন, “মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন। তবে আপনি যখন সবার পক্ষে কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকবেন, তখন তার কিছু পরিণতি থাকবেই।”
তিনি জানান, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য থাকাকালেও একই ধরনের হুমকি পেয়েছিলেন। তার দাবি, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকেই এসব হুমকি আসতে শুরু করে।
মামদানি আরও বলেন, মেয়র নির্বাচিত হওয়ার আগেই তাকে হুমকি দেওয়া শুরু হয়েছিল এবং দায়িত্ব গ্রহণের পরও তা অব্যাহত রয়েছে। একই কারণে তার স্ত্রীও সমালোচনা ও হত্যার হুমকির মুখে পড়েছেন বলে তিনি জানান।
এদিকে, দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে তার বিচার নেদারল্যান্ডসের দ্য হেগে হওয়া উচিত।
তবে তিনি স্পষ্ট করেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার মতো স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। এ ধরনের পদক্ষেপ নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ওপরই বর্তায় বলে মন্তব্য করেন তিনি।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর, দ্য নিউইয়র্ক টাইমস।

আন্তর্জাতিক ডেস্ক 


















