আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাহলে তিনি প্রকৃত অর্থে হিন্দু হতে পারেন না। শনিবার (৩০ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্কে অনুষ্ঠিত একটি সর্বধর্ম সংলাপে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। ভাগবত বলেন, একবার মুসলিম ভাইয়েরা তাকে প্রশ্ন করেছিলেন—আরএসএস যদি হিন্দু সংগঠন হয় এবং হিন্দুরাষ্ট্রের কথা বলে, তাহলে ভারতে মুসলিমদের কী হবে? তাদের কি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে?
জবাবে তিনি বলেন, ‘না, এটি হিন্দুত্ব নয়।’ তার ব্যাখ্যা অনুযায়ী, হিন্দুত্বের মূল বিশ্বাস হলো সব পথ একই লক্ষ্যে পৌঁছায় এবং প্রত্যেক মানুষের মর্যাদা রয়েছে।
নিজের বক্তব্যের উদাহরণ দিতে গিয়ে ১৯৯৬ সালে হরিয়ানার দাদরিতে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার কথা উল্লেখ করেন তিনি। ওই দুর্ঘটনায় অধিকাংশ যাত্রী মুসলিম ছিলেন। তবে উদ্ধারকাজে অংশ নেওয়া আরএসএসের স্বেচ্ছাসেবকেরা যাত্রীরা মুসলিম না হিন্দু—এমন কোনো ভেদাভেদ করেননি বলে জানান ভাগবত। উদ্ধার ও শেষকৃত্যের কাজেও তারা সমানভাবে সহযোগিতা করেছিলেন।
তিনি বলেন, কোনো রাজনৈতিক স্বার্থ বা প্রতিদানের প্রত্যাশা ছাড়াই মানুষের সেবা করার মানসিকতার কারণেই এমন কাজ করা সম্ভব হয়েছে।
১৯৯৬ সালে সৌদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও কাজাখস্তান এয়ারলাইন্সের দুটি বিমানের সংঘর্ষে ৩৪৯ জন যাত্রী ও ক্রু নিহত হয়েছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্র সফরে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়া মোহন ভাগবতের বক্তব্যের পাশাপাশি আরএসএসের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন নিউইয়র্কের প্রথম ভারতীয়-আমেরিকান ও মুসলিম মেয়র জোহরান মামদানি। তিনি আরএসএসকে সাম্প্রদায়িক সংগঠন হিসেবে উল্লেখ করে এর সমালোচনা করেন।

অনলাইন ডেস্ক 


















