পটুয়াখালীর কুয়াকাটায় ডাকাত সন্দেহে সুমন (৩০) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। আটক সুজনের বাবার নাম নাদের এবং মায়ের নাম কুলসুম বলে জানা গেছে। তিনি পাবনা সদর উপজেলার চর রামপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এক সিএনজি চালক ধাওয়া করে ডাকাত সন্দেহে একটি প্রাইভেট কার কুয়াকাটা চৌরাস্তা এলাকা থেকে পশ্চিমমুখী হয়ে পালানোর চেষ্টা করে। তবে রাস্তার নির্মাণকাজ চলমান থাকায় গাড়িটি সামনে এগোতে না পেরে আটকে যায়।
এ সময় কুয়াকাটা সৈকত এলাকায় অবস্থানরত জেলেরা সন্দেহজনক গাড়িটির দিকে ইট নিক্ষেপ করেও প্রতিরোধ করতে পারেননি। এতে গাড়ির সামনের অংশ ভেঙে যায়। পরে গাড়ি থেকে নামা এক ব্যক্তি বাম্পার ঠিক করার চেষ্টা করার সময় স্থানীয়রা তাকে ঘেরাও করে কুয়াকাটা জিরোপয়েন্ট এলাকা থেকে আটক করে। তবে সাথে থাকা চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যাওয়ায় তাদের ধরা করা সম্ভব হয়নি।
এই ঘটনার পর এলাকাবাসী দ্রুত থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে পুলিশ হেফাজতে নেয়।
মহিপুর থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডাকাত সন্দেহে যুবককে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ রাকিবুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 



















