রাজধানীর কাঁটাবনের ১৪ তলাবিশিষ্ট আল বারাকা টাওয়ারের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুইজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটে ভবনটির ১২ ও ১৩ তলার দুটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত ৩টা ৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সময় দগ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে মো. জনি (২৫)কে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং মো. আবদুস সালাম (১৯)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটি তল্লাশি করে নিশ্চিত হওয়া হয়েছে যে ভেতরে আর কেউ আটকে নেই। এ ঘটনায় নতুন করে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করবে ফায়ার সার্ভিস।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে আগুন লাগায় ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

অনলাইন ডেস্ক 


















