‘এসো গাইডিং করি, বাল্যবিবাহ বন্ধ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের দীক্ষা দান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আতাইকুলা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের কমিশনার মর্শিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের কমিশনার আদিবালা শীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী ও আবৃত্তি প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেলেনা খাতুন, আঞ্চলিক প্রশিক্ষক দিল মনোয়ারা, উপজেলা গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মমতাজ বেগম, আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হেলাল উদ্দিন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজিজুর রহমান।
দীক্ষা দান কর্মসূচিতে উপজেলার প্রায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় গার্ল গাইডসের আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আয়োজকরা বলেন, গার্ল গাইডিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজের বিভিন্ন অনিয়ম ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা সম্ভব।

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

















