কিংবদন্তি সংগীতশিল্পী আব্বাসউদ্দীন আহমদ-এর স্মরণে বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, কবি ও কথাসাহিত্যিক মো. লতিফুল ইসলাম শিবলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ কানিজ মওলা, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলখিল কাজী। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ড. নাশিদ কামাল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মুন্সি আবু সাইফ। স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের পরিচালক (উপসচিব) কে এম আল-আমীন।

অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় সংসদে বিশেষ অধিবেশন চলমান থাকায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী শেষ মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
স্মরণসভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে কবি নজরুলের রচিত এবং শিল্পী আব্বাসউদ্দীনের কণ্ঠে জনপ্রিয় হওয়া গান পরিবেশন করেন শিল্পী ফেরদৌস আরা, অধ্যাপক ড. নাশিদ কামাল, ইয়াকুব আলী খান ও সালাউদ্দিন আহমেদ।
এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী শিল্পীবৃন্দ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর সংগীত বিভাগের শিক্ষার্থীরা সমবেত সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন এম আলমগীর।

সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বাংলা লোকসংগীতের বিকাশে আব্বাসউদ্দীন আহমদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর সৃষ্টিশীল কর্মজীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনলাইন ডেস্ক 


















