চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে ‘কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬ (প্রাথমিক ধাপ)’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন এবং চুয়াডাঙ্গা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রফিকুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার শিক্ষার্থীদের শৃঙ্খলা, দেশপ্রেম ও আত্মনির্ভরশীলতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ তরুণ প্রজন্মকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে। পাশাপাশি জাতীয় সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখতেও এ প্রশিক্ষণ সহায়ক হবে।
বিশেষ অতিথিরা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশগঠনমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম টুটুল, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদের এবং উপজেলা যুবদলের সদস্য মো. কবির হোসেন উল্লেখযোগ্য।
এছাড়া বাঘাডাঙ্গা গ্রামের জুলফিকার আলী ভট্টু, আরামডাঙ্গা গ্রামের তালেব হোসেন ও কার্পাসডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিশেষে শৃঙ্খলা ও দেশসেবার শপথ গ্রহণের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মো. মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 


















