লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চর চামিতা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সুমি আক্তার ও আশিক। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি বাস নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। পথে চর চামিতা এলাকায় চার লেন সড়কের মেরামত চলা অংশে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
নিহত সুমি আক্তারের স্বামী আহত সিদ্দিকুর রহমান জানান, স্ত্রীকে নিয়ে চাঁদপুরে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারা বাসে উঠেছিলেন। অন্যদিকে নিহত আশিকের স্বজনরা জানান, তার বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জমিদারহাট এলাকায়। তিনি চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন।
আহতদের মধ্যে সিদ্দিকুর রহমান, রাশেদ, পলাশ উদ্দিন ও মুমি রয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত বৃদ্ধ আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।
আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা তাকে নিষেধ করলেও তিনি গতি কমাননি। একপর্যায়ে বাসটি উল্টে যায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

অনলাইন ডেস্ক 


















