‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। সভা সঞ্চালনা করেন বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ্মিনী কস্তা।
সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহাবুর রহমান, জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, কালবের জেলা ব্যবস্থাপক কোরবান আলী, জোনাইল উদ্যোমী সঞ্চয় বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মতিউর রহমান এবং বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সেন্টু কস্তাসহ বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমবায় কেবল অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের চর্চা সম্প্রসারণের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

শুভ্র কুমার সাহা, স্টাফ রিপোর্টার 


















