রাজশাহীতে সর্পদংশন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের যৌথ উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী মোর্শেদ মাহমুদ চৌধুরী।
প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।
প্রশিক্ষণে বিষধর ও নির্বিষ সাপ শনাক্তকরণ, সর্পদংশন প্রতিরোধ ও প্রাথমিক করণীয়, চিকিৎসা গ্রহণের সঠিক পদ্ধতি এবং সাপ উদ্ধার, নিরাপদে হ্যান্ডলিং ও অবমুক্তকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সর্পদংশনের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত ও সঠিক চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় সহায়ক তালগাছের চারা বিতরণ করা হয়। পরে হাউজিং এস্টেট মসজিদের মাঠে ৫০টি তালগাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, সর্পদংশন সম্পর্কে সঠিক ধারণা তৈরি এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে মানুষের অংশগ্রহণ বাড়াতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি 


















