নাটোরের সদর উপজেলার চাঁদপুর বাজারে নিজ চেম্বারে ঢুকে আনোয়ারুল ইসলাম (৪৬) নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত পৌনে ৮টা থেকে ৮টা ৫ মিনিটের মধ্যে ভারী বৃষ্টির সুযোগে দুর্বৃত্তরা চেম্বারে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সদর থানার ওসি মনসুর রহমান জানান, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক 








