পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন রাসেল এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বশির আহমেদকে নাশকতার মামলায় ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার গোলাম হাসনায়েন রাসেল ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া এলাকার বাসিন্দা এবং পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে। অপর গ্রেপ্তার বশির আহমেদ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি ভাঙ্গুড়া পৌর সদরের কুমড়াডাঙ্গা এলাকার মৃত মাওলানা রিয়াজ উদ্দিনের ছেলে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ভাঙ্গুড়া থানা-পুলিশ সোমবার রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার ভাঙ্গুড়া থানার একটি নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, ২০২৫ সালে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১১ মে গভীর রাতে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়। পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে গ্রেপ্তার দুই আসামি পলাতক ছিলেন।

ভাঙ্গুড়া প্রতিনিধি 



















