দেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে আরও একটি নতুন উপজেলা গঠন করেছে সরকার। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন প্রশাসনিক উপজেলার চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-১ শাখা) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১ জুলাই ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো— মশাখালী, পাঁচবাগ, উস্থি, লঙ্গাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাঙ্গাব।
এছাড়া নতুন উপজেলার প্রশাসনিক সদর দপ্তর উস্থি ইউনিয়নের ১৪৩ নম্বর জে.এল.ভুক্ত নয়াবাড়ী মৌজায় স্থাপন করা হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব হেলেনা পারভীন উল্লেখ করেন, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অনলাইন ডেস্ক 


















