রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে পরিচালিত যৌথ অভিযানে প্রাথমিকভাবে ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
কাস্টমসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কীভাবে সেগুলো বিমানের কার্গো হোলে রাখা হয়েছিল এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অনলাইন ডেস্ক 
















