মুন্সিগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে (৬১) হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসা শেষে সোমবার (২৯ জুন) দুপুরে তাঁকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় পাঁচ মাস আগে দীপু মনিকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আনা হয়। তিনি দীর্ঘদিন ধরে অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছিলেন। রোববার রাত থেকে অসুস্থ বোধ করলে সোমবার ভোরে তাঁকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও ভর্তি করার প্রয়োজন হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়। বেলা ১টার দিকে তিনি কারাগারে পৌঁছান।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান জানান, দীপু মনি কিডনিসংক্রান্ত সমস্যাতেও ভুগছিলেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয়। সকাল ৬টা পর্যন্ত চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দীপু মনি গ্রেপ্তার হন। বর্তমানে তিনি একাধিক মামলায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।

অনলাইন ডেস্ক 


















