ফুটবল বিশ্বকাপের জমকালো আয়োজন এবার কানাডার মাটিতেও ছড়িয়ে পড়ছে। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাতে প্রস্তুত বলিউড তারকা নোরা ফাতেহি। শুক্রবার (১২ জুন) টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠানের পর্দা উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নোরা। ফিফার অফিসিয়াল থিম সং ‘সির সির’ মুক্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে ২ কোটির বেশি ভিউ অর্জন করে নতুন রেকর্ড গড়েছে।
এর মাধ্যমে গানটি ফিফার ইতিহাসে প্রথম দিনে সবচেয়ে বেশি দেখা অফিসিয়াল থিম সংয়ের স্বীকৃতি পেয়েছে। একই সঙ্গে এটি ভেঙে দিয়েছে বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরার সাম্প্রতিক বিশ্বকাপ গান ‘ডাই ডাই’-এর রেকর্ড, যা প্রথম ২৪ ঘণ্টায় ৮.২ মিলিয়ন ভিউ পেয়েছিল।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে নোরা ফাতেহি বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। এই প্রজেক্টের মাধ্যমে আমি আমার মরক্কান ও কানাডিয়ান শিকড়ের পাশাপাশি ভারত এবং দক্ষিণ এশিয়ার মানুষের ভালোবাসাকে একত্রিত করতে পেরেছি। সংগীতের মাধ্যমে পূর্ব ও পশ্চিমের সংস্কৃতির মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করাই ছিল আমাদের লক্ষ্য।’
উদ্বোধনী অনুষ্ঠানে নোরার সঙ্গে পারফর্ম করবেন ফরাসি গায়ক ভেজিড্রিম এবং ক্যালিফোর্নিয়াভিত্তিক বাংলাদেশি-আমেরিকান সংগীত প্রযোজক ও ডিজে সঞ্জয়। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে কানাডার বহুসাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যও বিশেষভাবে তুলে ধরা হবে।
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নোরার উপস্থিতি এবং ‘সির সির’ গানের রেকর্ড ইতোমধ্যেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

স্পোর্টস ডেস্ক 
















