রিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এক নবজাতকের জন্মকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে একসঙ্গে হাজির হন দুই জন- যাদের একজন মুসলিম এবং অন্যজন সনাতন ধর্মাবলম্বী। রোববার (৮ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর এক গৃহবধূকে নিজের স্ত্রী দাবি করে হাজির হন দুই ব্যক্তি। দুজনই নবজাতকের বাবা বলে দাবি করায় হাসপাতালজুড়ে তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। ঘটনাটি বরিশালের আরিফ মেমোরিয়াল হাসপাতালে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি ওই হাসপাতালে শান্তা নামের এক গৃহবধূ সন্তান প্রসব করেন। সন্তান জন্মের সময় তার পাশে ছিলেন সুবাস নামের এক ব্যক্তি, যিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে কিছুক্ষণ পর হাসপাতালে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও নিজেকে শান্তার স্বামী ও নবজাতকের বাবা বলে দাবি করেন।
এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন এবং তারা ঢাকায় একসঙ্গে সংসার করতেন। সন্তান প্রসবের কথা বলে তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে আসেন। এ সময় এমদাদুল তাদের বিয়ের কাবিননামাসহ দাম্পত্য জীবনের বিভিন্ন প্রমাণ উপস্থিত লোকজনকে দেখান।
এদিকে এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পর কৌশলে সেখান থেকে চলে যান সুবাস। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে শান্তা দাবি করেন, এমদাদুলের সঙ্গে তার কোনো বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও এমদাদুল নন। তবে এমদাদুলের দেখানো কাবিননামা ও অন্যান্য প্রমাণের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এমদাদুলকে পালিয়ে বিয়ে করার পর শান্তা নিজ বাড়িতে যাতায়াত করতেন। এর মধ্যে ২০২৪ সালে আগের বিয়ের কথা গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুবাসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন তিনি। সুবাস জানতেন, শান্তা চাকরির সুবাদে ঢাকায় থাকেন। অথচ শান্তা ঢাকায় প্রথম স্বামীর সংসার করার পাশাপাশি বাবার বাড়ি ও বাকেরগঞ্জে যাতায়াত করতেন বলে স্থানীয়দের দাবি।
বিষয়টি নিশ্চিত করে আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, এ নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই স্বামীর উপস্থিতির বিষয়টি জানাজানি হওয়ার পর একপর্যায়ে উভয় ব্যক্তিই হাসপাতাল ছেড়ে চলে যান।

অনলাইন ডেস্ক 


















