নওগাঁর পত্নীতলায় সিথী রানী (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ঘোষপাড়া এলাকায় বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সিথী রানী ঘোষপাড়া এলাকার মানিক চন্দ্র ঘোষের মেয়ে। তার স্বামী বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে শুধু তার বৃদ্ধা দাদি ছিলেন। পরিবারের অন্য সদস্যরা কালীপূজা উপলক্ষে বাড়ির বাইরে ছিলেন। একপর্যায়ে বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় সিথী রানীকে উদ্ধার করেন। পরে তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পত্নীতলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল রউফ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করেন। পরে নিহতের বাবার বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে নিশ্চিত হন। পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, মৃত্যুর ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 


















