পাবনার ভাঙ্গুড়ায় গরু ছাড়াই কেমিক্যাল মিশিয়ে নকল দুধ উৎপাদনের অভিযোগ উঠেছে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হলেও বন্ধ হচ্ছে না এই অবৈধ কারবার। অভিযোগ রয়েছে, জরিমানা পরিশোধ করে আবারও একই কাজে জড়িয়ে পড়ছেন অভিযুক্ত ব্যবসায়ীরা। এমনকি দুধ তৈরির কেমিক্যালের উৎস সম্পর্কে প্রশাসনকে তথ্য দেওয়ার সন্দেহে এক যুবককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
এ ঘটনায় উপজেলার ছোট বিশাকোল গ্রামের লিখন আদনান নামের এক যুবক রোববার (৮ নভেম্বর) বিকেলে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ডিউটি অফিসার এএসআই সিরাজুল ইসলাম অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলায় অন্তত ৩০টি দুধের কারখানা ও চিলিং সেন্টার রয়েছে। এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী গরু ছাড়াই কৃত্রিম উপায়ে দুধ তৈরি করছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি উপজেলা প্রশাসনের কয়েকটি কারখানায় অভিযান চালিয়ে এমন দুধ তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানতে পারে। অভিযোগ অনুযায়ী, এক ধরনের জেলি, সয়াবিন তেল, চিনি ও পানি ব্লেন্ডারে মিশিয়ে তৈরি করা হচ্ছে নকল দুধ। পরে এসব দুধ আসল দুধ হিসেবে বাজারে বিক্রি করা হচ্ছে।
ব্যবসায়ীরা কম খরচে অধিক মুনাফা অর্জনের আশায় ব্যয়বহুল গরুর খামারের পরিবর্তে এই পদ্ধতি বেছে নিচ্ছেন বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালতের জরিমানাও তাদের এই কার্যক্রম থেকে বিরত রাখতে পারছে না।
ছোট বিশাকোল গ্রামের প্রধান কামরুজ্জামান জানান, নকল দুধ উৎপাদন প্রতিরোধে শনিবার রাতে গ্রামবাসীদের নিয়ে সভা করা হয়েছে। এখন থেকে এসব কারখানার কার্যক্রম নজরদারিতে রাখা হবে, যাতে কেউ নকল দুধ তৈরি করতে না পারেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ সুলতান বলেন, ভাঙ্গুড়ার বিভিন্ন খামারে উৎপাদিত দুধের মান ভালো। এ কারণে এখানকার মিষ্টি, ঘি, মাখন ও দই সুস্বাদু। তবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে নকল দুধ উৎপাদনে ঝুঁকেছেন। উপজেলায় বেসরকারি উদ্যোগে ৩০টি দুধের কারখানা বা চিলিং সেন্টার রয়েছে, যেগুলো কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অধিদপ্তর থেকে লাইসেন্স নিয়ে পরিচালিত হচ্ছে।
কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অধিদপ্তর পাবনার উপমহাপরিদর্শক শেখ আসাদুজ্জামান জানান, তাদের অধিদপ্তর কারখানার নাম, কর্মচারী ও পদ-পদবির ভিত্তিতে লাইসেন্স প্রদান করে। তবে উৎপাদিত পণ্যের মান তদারকি করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, শিশুখাদ্য হিসেবে নকল দুধ উৎপাদন অত্যন্ত গুরুতর অপরাধ। এ অপরাধ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন কারখানা থেকে দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। যেসব বাড়ি বা কারখানায় নকল দুধ উৎপাদনের প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ব্যবসায় সততার মানসিকতা তৈরি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মসজিদেও প্রচারণা শুরু হয়েছে।

অনলাইন ডেস্ক 



















