সিরাজগঞ্জের তাড়াশে বৃক্ষরোপণ, যুব সমাবেশ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাড়াশ পৌরসভার চক্ষু হাসপাতাল সংলগ্ন বরইতলায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাড়াশ পৌরসভা মেয়র পদপ্রার্থী রাজীব আহমেদ মাসুমের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে বরইতলায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাজীব আহমেদ মাসুম বলেন, “যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার এই ক্ষুদ্র আয়োজন। আমি দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। সর্বোপরি তাড়াশবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। আমি আপনাদের পাশে ছিলাম, পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকব, ইনশাআল্লাহ।”
পরে বাদ জোহর দেশ ও জাতির কল্যাণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাশিদুল হাসান, তাড়াশ উপজেলা প্রতিনিধি 


















