নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম মারা গেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে মিন্টুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মিন্টুকে তাঁর নিজ বাসা থেকে হেফাজতে নেয়। পরে রাত ১টা ৪০ মিনিটের দিকে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শাকিল ইসলাম। তিনি পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি মোটরসাইকেলে করে হেলমেট ও মাস্ক পরা দুই যুবক এসে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর আহত করে পালিয়ে যান তাঁরা।
এ হামলায় শাকিলের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখার আলম ঢাকা পোস্টকে বলেন, “আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাকে রাতে নিয়ে আসছি। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গুরুদাসপুর প্রতিনিধি 


















