ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ২৬ কার্যদিবস চলার পর শেষ হয়েছে। এ সময় বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় ১৪ কার্যদিবস। মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিটব্যাপী আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য। এছাড়া অধিবেশন চলাকালে ১০টি সরকারি বিল পাস হয়।
বুধবার (১৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত ঘোষণা পাঠের মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বাজেট অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়।
সংসদের কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী অধিবেশনে মোট ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচনায় আসে। অন্যদিকে, ১৩১ বিধি অনুযায়ী উত্থাপিত চারটি সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সেগুলোর নিষ্পত্তি করা হয়।
প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর সংসদের টেবিলে উপস্থাপন করা হয়।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে মোট ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক 


















