সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কে সৃষ্ট হুড়োহুড়িতে অন্তত ৫০ জন রোগী ও তাদের স্বজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে হাসপাতালটির বেসমেন্টে আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।
ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. সাইফুজ্জামান জানান, চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিভিন্ন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, উদ্ধার অভিযান এবং যানজট নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ সদস্য ও বিজিবি ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে। নিরাপত্তার স্বার্থে প্রায় দুই ঘণ্টা খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নারকেলতলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়।
ব্লিজ হাসপাতালের পরিচালক আবু হাসান জানান, আগুন বেসমেন্টেই সীমাবদ্ধ ছিল এবং ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েনি। তবে ধোঁয়া কয়েকটি তলায় পৌঁছে যাওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত নিচে নামার সময় সৃষ্ট হুড়োহুড়িতে অনেকে আহত হন। তিনি বলেন, গুরুতর দগ্ধ বা প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

অনলাইন ডেস্ক 
















