পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকায় ভিমরুলের কামড়ে আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে খেলতে গিয়ে ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয়েছিল তারা।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশু হলো উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি মজিবর রহমান জানান, মঙ্গলবার বিকেলে রোহান ও আরাফাত খেলতে বের হয়। খেলাধুলার একপর্যায়ে তারা একটি ভিমরুলের বাসা দেখতে পায়। পরে পাটখড়ি দিয়ে বাসাটিতে খোঁচা দিলে ভিমরুলের দল তাদের ওপর হামলা করে। এতে দুই শিশু শরীরের বিভিন্ন স্থানে কামড়ের শিকার হয়ে গুরুতর আহত হয়।
শিশুদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে রোহান ও আরাফাতের মৃত্যু হয়।
একসঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে গয়েশবাড়ী গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনলাইন ডেস্ক 








