রাজশাহীর গোদাগাড়ীতে ‘আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়’ স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী বার্ষিক নৃ-গোষ্ঠী মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার ৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ৭০টি সাংস্কৃতিক দলের অংশগ্রহণে এ উৎসবের সূচনা হয়।
মেলায় আটটি জনজাতির ঐতিহ্যবাহী ব্যবহার্য সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কৃষি ও শিকারের সরঞ্জাম, গৃহস্থালি সামগ্রী, পোশাক, অলংকার, খাবার এবং অন্যান্য ঐতিহ্যবাহী উপকরণ। এসব প্রদর্শনীর মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে।
‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে, সিসিবিভিওর বাস্তবায়নে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির সহযোগিতায় এ মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিসিবিভিওর সভাপতি প্রফেসর আবদুস সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিওর নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক সারওয়ার-ই-কামাল, নির্বাহী সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, অধ্যাপক সুম্মিতা চক্রবর্তী, কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. মোস্তাফিজুর রহমান, এসওএসের সংগীত শিক্ষক রুম্মান আরা হোসেন দৃষ্টি এবং নৃতাত্ত্বিক নেতৃবৃন্দ।

উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা বিভিন্ন জনজাতির স্টল পরিদর্শন করেন এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন।
বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক সেপরাতুস বিশ্বাস, কাদমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা সরেন, মাসাউসের প্রকল্প সমন্বয়কারী মাইকেল মারান্ডী ও প্রশান্ত মিঞ্চ।
অনুষ্ঠানে সিসিবিভিওর পক্ষে উপস্থিত ছিলেন সমন্বয়কারী আরিফ ইথার, সহ-সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন ও প্রদীপ মার্ডী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিক এক্কা ও এলিজাবেদ টুডু।

রাজশাহী প্রতিনিধি 


















