রাজধানীর যানজট কমাতে ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক করতে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহবাগ মোড়ে নতুন এ সিগন্যাল ব্যবস্থার উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাজধানীর অন্যতম বড় সমস্যা হলো যানজট। এর ফলে প্রতিদিন মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, এটি কেবল শুরু। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে এ ধরনের আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় থাকা ২২টি ইন্টারসেকশনও রয়েছে।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে হবে এবং চালক ও পথচারীদের ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে চলতে হবে। পাশাপাশি রোড মার্কিং, জেব্রা ক্রসিং, নির্ধারিত লেন ব্যবহার এবং ইন্টারসেকশনকে ভাসমান দোকান ও অন্যান্য প্রতিবন্ধকতা থেকে মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বুয়েটের অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন ও ড. মুহাম্মদ হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক 


















