রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ী–ফরিদপুর ও দৌলতদিয়া–ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুই জেলার যাত্রীরা। বাধ্য হয়ে মাহেন্দ্র, অটোরিকশাসহ ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, সকালে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চলাচলে স্থানীয় শ্রমিকরা বাধা দেন। এর জেরে ফরিদপুরে রাজবাড়ীর লোকাল বাস চলাচলেও বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের বিরোধের কারণে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
যাত্রীরা দ্রুত বিরোধের সমাধান করে দুই রুটে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। জেলা প্রশাসক আফরোজা পারভীন জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

অনলাইন ডেস্ক 


















