রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারকে যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৩ আগস্ট বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন ওই শিক্ষার্থীর মা। পরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্তের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকতর তদন্ত করে।
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত বছরের ৯ সেপ্টেম্বর তাকে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, প্রভাস কুমারের বিরুদ্ধে নারী হয়রানির পাশাপাশি প্রশ্ন ফাঁসের অভিযোগও ছিল। অভিযোগ তদন্তে দুটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। পরে ১৩ আগস্টের সিন্ডিকেট সভায় তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর সিন্ডিকেট সভায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক 


















