মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প, শ্রমবাজার ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সময় থেকে মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান সুসম্পর্কের কথাও স্মরণ করেন।
প্রধানমন্ত্রী জানান, তথ্যপ্রযুক্তি খাত, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং বাংলাদেশের শ্রমবাজারে মালয়েশিয়ার সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করা হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। তারেক রহমান বলেন, রোহিঙ্গা সমস্যার কারণে বাংলাদেশের ওপর যে চাপ তৈরি হয়েছে, সে বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে সংকট সমাধানে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে এবং বৈশ্বিক পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।
যৌথ সংবাদ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এ উপলক্ষে মালয়েশিয়ার খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে মালয় ও বাংলা ভাষার গানসহ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনলাইন ডেস্ক 


















