পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহামেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুর তিনটার দিকে উপজেলার মন্ডুতোষ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সুমন ওই গ্রামের মৃত আব্দুস সামাদ মাস্টারের ছেলে।
ভাঙ্গুড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, সুমন ঢাকার রমনা থানায় দায়েরকৃত একটি সিআর মামলার (মামলা নং- ২২২/২৫) এজাহারভুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘ দিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “সুমন রমনা থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।”
সুমন আহামেদ রাজনীতির পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকলেও এর আগে টানা প্রায় ৮ বছর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও তিনি একাধিক মামলায় কারাভোগ করেছিলেন এবং সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি 





















