বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’ ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মহাকাশ গবেষণা, টেকসই কৃষি এবং চিকিৎসাবিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন আনা একঝাঁক উদ্ভাবক ও উদ্যোক্তা স্থান পেয়েছেন। এআই বিপ্লবের নেপথ্য কারিগর থেকে শুরু করে মহাকাশজয়ী কমান্ডার—প্রযুক্তি বিশ্বের শীর্ষস্থানীয় নামগুলোয় সমৃদ্ধ এবারের তালিকা।
মহাকাশ বিজ্ঞানে নতুন দিগন্ত: রিড ওয়াইজম্যান ও টনি টাইসন
মহাকাশ গবেষণায় ২০২৬ সালকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আর্টেমিস-২ মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান ৫৪ বছর পর মানুষকে চাঁদের দোরগোড়ায় নিয়ে গেছেন। তাঁর নেতৃত্বে ওরিয়ন মহাকাশযানটি পৃথিবী থেকে ৪,৭০০ মাইল দূরত্ব অতিক্রম করেছে, যা মানব ইতিহাসে এক অনন্য রেকর্ড। অন্যদিকে, জ্যোতির্বিজ্ঞানী টনি টাইসন চিলির রুবিন অবজারভেটরিতে ৩,২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাহায্যে মহাকাশের ১০ বছরের ‘টাইম-ল্যাপস’ শুরু করে মহাজাগতিক রহস্য উন্মোচনে বিপ্লব ঘটিয়েছেন।
প্রযুক্তির শীর্ষে সুন্দর পিচাই ও নীল মোহান
গুগলের সিইও সুন্দর পিচাই গত এক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সাধারণ মানুষের নাগালে নিয়ে এসেছেন। তাঁর নেতৃত্বে গুগল ব্রেইন ও ডিপমাইন্ড একীভূত হয়ে তৈরি হয়েছে শক্তিশালী ‘জেমিনি’। এছাড়াও ন্যানো বানানা ও অ্যান্টিগ্র্যাভিটির মতো বৈপ্লবিক এআই পণ্য দিয়ে তিনি প্রযুক্তি বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি, ইউটিউবের সিইও নীল মোহান প্ল্যাটফর্মটিকে ভিডিও শেয়ারিং সাইট থেকে টেলিভিশনের শক্তিশালী বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৫ সালে আমেরিকার লিভিং রুমে ইউটিউব সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্রোভাইডার হিসেবে স্বীকৃতি পায়।
টেকসই কৃষি ও চিকিৎসা বিপ্লব: হুংরিয়া, মুসুনুরু ও আরেনস
ব্রাজিলীয় কৃষিবিজ্ঞানী মারিয়াঞ্জেলা হুংরিয়া রাসায়নিক সারের বিকল্প হিসেবে এমন এক অণুজীব উদ্ভাবন করেছেন, যা বাতাস থেকে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন সংগ্রহ করে। এতে কৃষকদের বছরে প্রায় ২৫ বিলিয়ন ডলার সাশ্রয় হচ্ছে এবং কার্বন নিঃসরণ কমছে ব্যাপক হারে। চিকিৎসাবিজ্ঞানে কিরণ মুসুনুরু ও রেবেকা আরেনস ক্রিসপার জিন-এডিটিং প্রযুক্তির মাধ্যমে বিরল মেটাবলিক রোগ নিরাময় করে নতুন আশা জাগিয়েছেন।
সৃজনশীলতা ও জনকল্যাণ: জোশ ডি’অ্যামারো ও মিস্টার বিস্ট
ডিজনির অষ্টম সিইও জোশ ডি’অ্যামারো সৃজনশীলতার এক নতুন যুগের সূচনা করেছেন। গুণগত মান ও সৃজনশীল প্রক্রিয়ায় তাঁর গভীর মনোযোগ ডিজনিকে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে। অন্যদিকে, ইউটিউব সেনসেশন মিস্টার বিস্ট (জেমি ডোনাল্ডসন) দেখিয়েছেন কীভাবে বিশাল সাবস্ক্রাইবার বেস ব্যবহার করে সামাজিক কল্যাণ নিশ্চিত করা যায়।
অর্থনৈতিক ক্ষমতায়ন ও চিপ বিপ্লব: ডেল পরিবার ও সি সি ওয়ে
প্রযুক্তি ও দানশীলতার অনন্য সমন্বয় ঘটিয়েছেন সুসান ও মাইকেল ডেল। তাঁরা নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প হাতে নিয়েছেন। চিপ উৎপাদন শিল্পে বৈশ্বিক নেতৃত্ব দিচ্ছেন টিএসএমসি-র সি সি ওয়ে। তাঁর দূরদর্শী সিদ্ধান্তে টিএসএমসি আজ বিশ্বখ্যাত প্রযুক্তি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তালিকায় আরও রয়েছেন ইন্টেলের লিপ-বু তান, যাঁর নাটকীয় প্রত্যাবর্তন প্রযুক্তি পাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক 


















