জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশের বাহাদুর শাহ পার্ক ও আশপাশ এলাকায় থাকা ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চালু হয়েছে ‘সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয়’। সপ্তাহে দুই দিন—শনি ও মঙ্গলবার সকাল ৯টায় এই উন্মুক্ত শিক্ষালয়ে শিশুদের পাঠদান করা হচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে পরিচালিত এ শিক্ষালয়ে শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি মৌলিক অধিকার, শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
আজ শিক্ষালয়ের কার্যক্রম পরিদর্শন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। এ সময় শিশুদের পড়াশোনার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি তাদের হাতে নতুন বই, পুরস্কার ও খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে শিশুদের দুপুরের খাবারও দেওয়া হয়।
শিক্ষালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিয়মিত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁদের একজন বাংলা বিভাগের শিক্ষার্থী মো. লিখন ইসলাম বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের অপরাধ থেকে দূরে রেখে শিক্ষার সুযোগ করে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এই শিক্ষালয় চালু করা হয়েছিল। তিনি বলেন, এসব শিশু যেন শিক্ষার সুযোগ পেয়ে ভবিষ্যতে নিজেদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।
আয়োজকদের ভাষ্য, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা শিশুদের মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করাই তাঁদের প্রধান লক্ষ্য। নিয়মিত পাঠদানের পাশাপাশি প্রতি মাসে শিশুদের মূল্যায়ন ও উৎসাহ দিতে বিভিন্ন পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।

অনলাইন ডেস্ক 


















