পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান)-এর ২০২৬-২৭ মেয়াদের আংশিক নতুন কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওশীন আশরাফি আঁচল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুল হাকিম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত আলী।
পুসানের সমন্বয়কারী পুসান বন্ধু শেখ আব্দুস সোবহান, ড. মো. আমিরুল ইসলাম কনক, অ্যাডভোকেট এস. এম. শহিদুল ইসলাম সোহেল, মোখলেছুর রহমান সপু ও ফরাজী আহম্মদ রফিক বাবন এবং কেন্দ্রীয় পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জিহাদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্বশীলতা, সততা এবং নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে ২০১৭ সালে গঠিত হয় অরাজনৈতিক সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান)। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষা সফর, ঈদ পুনর্মিলনীসহ বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমের আয়োজন করে আসছে।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 


















