আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে আগের মতোই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সৈয়দ আক্তারুজ্জামান বলেন, পুরোনো পদ্ধতিতেই অর্থাৎ এসএসসির মার্কস বা জিপিএর ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
তিনি বলেন, সব শিক্ষা বোর্ডের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ইংরেজি ও গণিত—এই দুটি বিষয়ে তুলনামূলকভাবে ফেল করার হার বেশি। ফলে এসব বিষয়ে শিক্ষার্থীদের পাসের হারও কমে যায়।
এদিকে পরীক্ষায় ভালো করার পরও অনেক শিক্ষার্থী আশানুরূপ ফল না পাওয়ার বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ১৯৯৮ সালের বোর্ড আইনে খাতা পুনঃপরীক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে।
তিনি বলেন, যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। খাতা মূল্যায়নে কোনো ভুলত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
অন্যদিকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

অনলাইন ডেস্ক 


















