নাটোরের নলডাঙ্গা পৌরসভা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও থানা অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত ১১ টার দিকে পৌর জাসাস সাধারণ সম্পাদক নেতা আকবর আলী বাড়ি ফেরার পথে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু তার দলবল নিয়ে পথরোধ করে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ অতর্কিতভাবে হামলা চালায়। এসময় আকবর আলী প্রাণ বাঁচাতে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে বাবর আলী বাচ্চু তার দলবল নিয়ে জাসাস নেতা আকবর আলীর মোটরসাইকেল ও তার কাছে থাকা এক লাখ ৪০ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে ভুক্তভুগি আকবর আলী নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন ।
এ বিষয়ে অভিযুক্ত বাবর আলী বাচ্চু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি নূরে আলম বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটোর প্রতিনিধি 


















