ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে দুটি যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ট্যাক্সিওয়েতে চলাচলের সময় আকাশা এয়ার (Akasa Air) এবং স্পাইসজেট (SpiceJet)-এর দুটি বিমানের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে স্পাইসজেট B737-700 মডেলের বিমানটির ডানদিকের ডানা (Right Wing) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, আকাশা এয়ারের বিমানটির লেফট হ্যান্ড হরাইজন্টাল স্টেবলাইজার (Left Hand Horizontal Stabilizer) ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই নিরাপত্তা নিশ্চিত করতে দুটি বিমানকেই চলাচলের অনুপযোগী বা ‘গ্রাউন্ডেড’ ঘোষণা করা হয়েছে।
স্পাইসজেটের একজন মুখপাত্র জানান, ট্যাক্সিওয়েতে অবস্থানকালে এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ঘটে। তবে স্বস্তির খবর এই যে, দুর্ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্য হতাহত হননি। প্রাথমিক তদন্ত শেষে বিমান দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
কী কারণে বা কার গাফিলতিতে এই সংঘর্ষ ঘটল, তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনার পর দিল্লি বিমানবন্দরে উড্ডয়ন সময়সূচিতে কিছুটা বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক 



















