বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া বৈঠক রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত চলে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি এবং বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
এ ছাড়া দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ের নেতারাও বৈঠকে অংশ নেন।
বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করা এবং রংপুর বিভাগের উপজেলা পর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ড পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনলাইন ডেস্ক 




















