ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘কলাপাড়াবাসীর মিলনমেলা-২০২৬’। রাজধানীতে বসবাসরত পটুয়াখালী-৪ আসনের বাসিন্দাদের মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। শুক্রবার (২৪ এপ্রিল) কেরানিগঞ্জ-এর আনোয়ার সিটি ম্যাজিক আইলেন্ড পার্ক-এ দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত পটুয়াখালী-৪ আসনের বিপুলসংখ্যক নেতা-কর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশগ্রহণ করেন। মিলনমেলাটি একদিকে যেমন ছিল রাজনৈতিক সম্প্রীতির, তেমনি অন্যদিকে ছিল সামাজিক বন্ধন দৃঢ় করার এক অনন্য আয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, কলাপাড়া ও রাঙ্গাবালীর মানুষের ভালোবাসা এবং সমর্থনই তাকে সবসময় অনুপ্রাণিত করে। তিনি এলাকার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং মানুষের কল্যাণে কাজ করতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি গাজী মোহাম্মদ জাবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্নেহাংশু সরকার কুট্টি, এমপির সহধর্মিণী শাহিন আক্তার, মো. মনিরুজ্জামান মনির, মোশতাক আহমেদ, রহমান ফরাজী, মুছা তাওহীদ নান্নু মুন্সি, নাসির উদ্দিন, শাজাহান পারভেজ, মতিউর রহমান, কামরুজ্জামান কাজল তালুকদার, হারুন অর রশিদ, মজিবুর রহমান এবং জুয়েল সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় এবং প্রীতিভোজ। অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। গান, নৃত্য এবং নানা পরিবেশনার মাধ্যমে পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ, যা উপস্থিত সবার মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
সামগ্রিকভাবে, ‘কলাপাড়াবাসীর মিলনমেলা-২০২৬’ শুধু একটি সামাজিক সমাবেশ নয়, বরং এটি ছিল ঐক্য, সম্প্রীতি ও রাজনৈতিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

স্টাফ রিপোর্টার 


















