জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্প বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধিরা।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে। এতে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলীম আরিফ, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক, জবি ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস শেখসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
জকসু সূত্রে জানা যায়, ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি তুলে ধরতে শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশের সময় তাদের বাধা দেওয়া হয়। পরে জকসুর প্রতিনিধিদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মী ও সংশ্লিষ্টদের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় প্ল্যাকার্ড ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা এবং হামলা চালানোর অভিযোগ করেন জকসু নেতারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জকসুর ভিপি রিয়াজুল ইসলামসহ কয়েকজন নেতা অডিটোরিয়ামে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তাদের বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসান ধাক্কার শিকার হয়েছেন বলেও ভিডিওতে দেখা যায়।
ঘটনার পর ছেঁড়া প্ল্যাকার্ড হাতে নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনের সামনে বিক্ষোভ করেন জকসুর নেতারা।
জকসুর জিএস আব্দুল আলীম আরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, আমন্ত্রণ থাকার পরও তাঁদের অডিটোরিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ধাক্কাধাক্কির শিকার হতে হয়েছে।
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপস্থাপন করতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে এবং প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে এ বিষয়ে ছাত্রদল বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক 
















