প্রবীণদের শেষ বয়সের দিনগুলো আরও সুন্দর ও সুরক্ষিত করার লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে শুরু হলো এক যুগান্তকারী উদ্যোগ। উপজেলার খুবজিপুরে অবস্থিত প্রবীণ সেবা কেন্দ্রে শনিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় তিন মাসব্যাপী “কেয়ারগিভিং ফর এল্ডারলি পিপল লেভেল-৩” প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং কাতার চ্যারিটি বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। দেশে প্রবীণদের সেবায় দক্ষ জনবল তৈরির প্রত্যাশাতেই এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
হাফেজ জামাল উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রধান অতিথিকে ফুলেল অভ্যর্থনা এবং আমন্ত্রিত অতিথিদের সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, “প্রবীণদের সেবা করা কেবল আমাদের দায়িত্বই নয়, এটি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। এই প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হওয়া দক্ষ কেয়ারগিভাররা সমাজের জন্য এক অমূল্য সম্পদে পরিণত হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে গুরুদাসপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম জানান, এই উদ্যোগ একদিকে যেমন তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচন করবে, অন্যদিকে প্রবীণদের জন্য নিশ্চিত করবে মানসম্মত সেবা।
সভাপতির বক্তব্যে সাবেক স্বাস্থ্য সচিব এবং এল্ডারলি কেয়ার বাংলাদেশ-এর সভাপতি মো. সাইদুর রহমান বলেন, “সময়ের সাথে সাথে আমাদের সমাজে প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাদের সঠিক যত্নের জন্য দক্ষ জনবল তৈরির এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয়।”
অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আরও বক্তব্য রাখেন ইএসডিও’র হেড অব টিভেট শাহরিয়ার মাহমুদ, উপদেষ্টা সেলিম আহমেদ, কাতার চ্যারিটির প্রতিনিধি তানভীর এলাহী, এল্ডারলি কেয়ার প্রতিনিধি গোলাম মোস্তফা, বিশিষ্ট চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম শিশির এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস আলী।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক নবীন-প্রবীণের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে দেশে প্রবীণ সেবার মান আরও একধাপ এগিয়ে যাবে।

আয়নাল হক, গুরুদাসপুর (নাটোর) 








