গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন তারা।
জানা গেছে, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রায় ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা জামায়াত-বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এতে প্রায় ৫ থেকে ৭ মিনিট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। কিছুক্ষণ অবস্থানের পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা চলে যান। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

অনলাইন ডেস্ক 


















