ক্লাসরুম, শিক্ষক, আবাসন ও পরিবহন সংকটসহ নানা সীমাবদ্ধতার মধ্যেও ৪৭তম বিসিএস পরীক্ষায় গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সুপারিশপ্রাপ্তের কৃতিত্ব অর্জন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়টির ১৫ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।
এছাড়া দেশের শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক অবস্থান বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
গত ২৮ জুন ২০২৬ প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী রয়েছেন। তারা হলেন— মো. মনিরুজ্জামান হাসান (ফরেন অ্যাফেয়ার্স), নাহিদ হাসান (পুলিশ), শাওরাত জাহান সুমি (প্রশাসন), গোপাল দেবনাথ (পুলিশ), তানজিল আহাদ রঞ্জু (প্রশাসন), শফিকুল ইসলাম রাকিব (প্রশাসন), রুবেল হোসেন (শিক্ষা), সাহানা মুন্নী (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস), আব্দুল্লাহ আন নোমান (শিক্ষা), সৈকত খন্দকার (আনসার), সাজ্জাদ এইচ. ডালিম (শিক্ষা), রাশেদ ইসলাম (শিক্ষা), মো. সাজ্জাদ হোসাইন (শিক্ষা) এবং আব্দুল্লাহ মারুফ (শিক্ষা)।
বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে উপাচার্য ড. মামুন অর রশিদ বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে, শিক্ষা ও গবেষণায় বরিশাল বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। আমরা চাই, ভবিষ্যতে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণায় শক্ত অবস্থান তৈরি করুক।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অবকাঠামোগত সংকটগুলো কাটিয়ে উঠতে পারলে শিক্ষার্থীদের আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। এতে ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আমাদের বিশ্বাস।”
সংশ্লিষ্টদের মতে, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার্থীদের এই অর্জন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সক্ষমতা, প্রতিকূলতা মোকাবিলার মানসিকতা এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক অবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত।

আবদুল্লাহ আল শাহিদ খান 








