মিশরের রাজধানী কায়রোর সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলের সংযোগকারী গুরুত্বপূর্ণ মহাসড়কে বাস ও ভারী ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিউত ওয়েস্টার্ন ডেজার্ট রোডের ৫৫ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ২৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার আশপাশের হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি জোরদার এবং হতাহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গিজার দিকে যাওয়া আঞ্চলিক সড়কের প্রবেশপথের কাছে মহাসড়কে একটি বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর হতাহতদের সহায়তা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। একই সঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক 


















