খুলনার তেরখাদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের কাটেঙ্গা বাজারে থানার সামনে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন। ঘটনার পর বাজারের দোকানপাট প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার তেরখাদা উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাইয়ের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের ছেলের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকাল ১১টার দিকে উভয় পক্ষের লোকজন কাটেঙ্গা বাজারে থানার সামনে জড়ো হন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে দুই পক্ষের লোকজন পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায়। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ থেকে সাতজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর বাজারের দোকানপাট প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন। বর্তমানে তেরখাদা উপজেলা সদরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের তৎপরতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অনলাইন ডেস্ক 


















