মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তাকে টার্গেট করা হয়েছে এবং এ ঘটনায় দলকে বিব্রত করতে চান না—এমন কারণ উল্লেখ করে তিনি পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, তিনি আজ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। পুরো সময় ঢাকা-৬ আসন ও এর পার্শ্ববর্তী এলাকার মাদক নির্মূলসহ অন্যান্য সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি। প্রধানমন্ত্রী তার পদত্যাগের আবেদনে সম্মতি দিয়েছেন বলেও জানান ইশরাক।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।’
গণমাধ্যমের সমালোচনা করে ইশরাক বলেন, গত দুই-তিন দিন ধরে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে কিছুটা সত্য থাকলেও কিছু বিষয় অতিরঞ্জিত করা হয়েছে। এ নিয়ে কল্পকাহিনিও তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ইশরাক বলেন, তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং হেয় করা হয়েছে। এতে দলও বিব্রত হয়েছে।
এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনার পর তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী ইশরাক হোসেনকে ডেকে পাঠান। সেখানে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক 


















