পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার ধলু গাজীর মোড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলসের একটি বাস ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসটি পানিতে ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশের রেকারের সহায়তায় বাসটি খাদ থেকে তুলে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ২০ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বৌবাজার এলাকার কাইয়ুম প্যাদা (৫০), শিল্পী রানী (৪০), তাঁর মেয়ে বিথী রানী (২২) ও জাহাঙ্গীর হাওলাদার (৩২)।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান চারজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অনলাইন ডেস্ক 


















