নারদ নদসহ চিকনাই, বড়াল, কমলা, তুলশি ও চলনবিলের অন্যান্য নদ-নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় সংগঠনটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর হাতে ১৭ দফা দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেন। সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম নির্বাহী সদস্য মো. সিরাজুল ইসলাম নান্নুর তত্ত্বাবধানে স্মারকলিপি প্রদান কার্যক্রম সম্পন্ন হয়।
স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার বলেন, নারদ নদসহ জেলার অন্যান্য নদ-নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করা হবে।
এ সময় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটির সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন বলেন, দখল ও দূষণের কারণে নারদ নদ আজ প্রাণহীন হয়ে পড়েছে। বড়াল বেসিন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নারদ নদকে আবারও প্রাণবন্ত করা সম্ভব। তাই নদীটির অস্তিত্ব রক্ষায় দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন জরুরি।
সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বলেন, নদীবান্ধব অর্থনীতি গড়ে তোলা, সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে নদী খনন ও অবৈধ দখল উচ্ছেদ, নদীতে বর্জ্য ফেলা বন্ধ, শিল্পপ্রতিষ্ঠানে বর্জ্য শোধনাগার (ইটিপি) চালু এবং নদীর বহুমুখী ব্যবহার নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, নদ-নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং চলনবিলের নদীকেন্দ্রিক জনজীবন ও অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ১৭ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

নাটোর প্রতিনিধি 


















