রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোছাম্মৎ জাহানারা আক্তার বানু-কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা এলামনাই এসোসিয়েশন।
সম্প্রতি রাজশাহী কলেজের সেন্ট্রাল অডিটরিয়ামে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিয় শিক্ষিকা ও সাবেক বিভাগীয় প্রধানকে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রফেসর ড. মোছাম্মৎ জাহানারা আক্তার বানু দীর্ঘ কর্মজীবনে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একজন দক্ষ শিক্ষক, নিষ্ঠাবান শিক্ষাবিদ ও স্নেহশীল অভিভাবক হিসেবে তিনি অসংখ্য শিক্ষার্থীর শিক্ষা ও জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আন্তরিকতা, নেতৃত্ব, প্রজ্ঞা ও শিক্ষার্থীবান্ধব মনোভাব রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, কর্মজীবনের আনুষ্ঠানিক অধ্যায় শেষ হলেও তাঁর জ্ঞান, আদর্শ, শিক্ষা ও ভালোবাসার মাধ্যমে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে তিনি আজীবন শ্রদ্ধা ও ভালোবাসার আসনে অধিষ্ঠিত থাকবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষিকার সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে প্রফেসর ড. মোছাম্মৎ জাহানারা আক্তার বানুর হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রাণিবিদ্যা বিভাগের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষিকার প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতেও প্রফেসর ড. মোছাম্মৎ জাহানারা আক্তার বানুর অভিজ্ঞতা, পরামর্শ ও দিকনির্দেশনা রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।

রাজশাহী প্রতিবেদন 


















